স্ত্রীর সাথে বিচ্ছেদ, তবুও কেন ভুলতে পারেন না? চঞ্চলের গল্প শুনলে বদলে যাবে দৃষ্টিভঙ্গি
✍️ Dr. Prodyut Acharya | 📅 ১৮ মার্চ ২০২৬ | ⏱️ ১২ মিনিট
“তার মুখে কখনো স্ত্রীর নাম আসে না। কিন্তু প্রতি সন্ধ্যার গল্পের কেন্দ্রবিন্দু তিনি নিজেও জানেন না। আমি জ্যোতিষী, আমি হাতের রেখা দেখি, কিন্তু মানুষের মনের রেখা বুঝতে শিখেছি চায়ের দোকানের এই আসনে বসে।”
আমার দৈনন্দিন জীবনের একটি অভ্যাস আছে—প্রতি সন্ধ্যায় কুপার্সক্যাম্পের এক চায়ের দোকানে বিশ্বদার সাথে আড্ডা। ঘন্টা খানেকের এই আড্ডা এখন প্রায় ২০ বছরেরও বেশি সময় ধরে চলছে। কখনো আধ্যাত্মিক, কখনো রাজনৈতিক, কখনো সংসারিক—নানা বিষয় ঘুরে ফিরে আসে আমাদের আলোচনায়।
মাস ছয়েক হলো আমাদের এই আড্ডায় নতুন একজন যোগ দিয়েছেন। নাম বলব না, তাঁকে এখানে 'চঞ্চল' বলেই পরিচয় দেব। তাঁর আসল নাম নয়, কিন্তু তাঁর চঞ্চল মনকে দেখেই এই নাম। বয়সে আমার থেকে সামান্য বেশি। পেশায় তিনি এসএসবি জওয়ান—ভারতীয় সেনাবাহিনীরই একটি অংশ।
🍵 প্রথম দেখা: যখন হাতের রেখা বলেছিল অন্য কথা
চঞ্চল প্রথমে এসেছিলেন জ্যোতিষ পরামর্শ নিতে। একজন জ্যোতিষী ও হস্তরেখা বিশেষজ্ঞ হিসেবে আমি তাঁর হাতের রেখা ও জন্মকুণ্ডলী বিশ্লেষণ করি। তাঁর হাতের রেখা ও কুণ্ডলী দেখে তাঁর জীবনের সমস্যা সম্পর্কে একটা স্পষ্ট ধারণা পাই। কিন্তু সত্যিকার অর্থে তাঁর জীবনের গভীরে প্রবেশ করতে পারি চায়ের দোকানের সেই নিয়মিত আড্ডাতেই।
🌱 চঞ্চলের শেকড়: কষ্টের শুরু থেকে চাকরি পর্যন্ত
চঞ্চল ছোটবেলা থেকেই অনেক কষ্ট করে বড় হয়েছেন। উপার্জনের প্রথম পথ হিসেবে নিজের একটা সেলুন খুলেছিলেন। সেই কাজের পাশাপাশি পড়াশোনা চালিয়ে গেছেন। চাকরির চেষ্টা করেন এবং প্রথম চেষ্টাতেই চাকরি পেয়ে যান। এই দিক থেকে তাঁর ভাগ্যকে ভালোই বলতে হবে।
কিন্তু কথায় আছে না, সব ভালো ভালো নয়!
💔 যে সম্পর্ক ভাঙল, কিন্তু মন ছাড়ল না
চঞ্চলের জীবনের সবচেয়ে বড় সমস্যা তাঁর দাম্পত্য জীবন। তিনি দাম্পত্য জীবনে সুখী নন। তাঁর সাথে স্ত্রীর চলছে মামলা-মোকদ্দমা। চাকরির কারণে তাঁকে বাড়ি থেকে অনেক দূরে থাকতে হয়। ফলে নিজের এলাকায় তাঁর চেয়ে তাঁর স্ত্রীর পরিচিত ও ক্ষমতা বেশি। চঞ্চলের বয়স্ক পিতা-মাতা ও দশ বছরের একটি ছেলে আছে। তাঁদের সাথেও চঞ্চলের স্ত্রীর সম্পর্ক ভালো নয়।
চঞ্চলের সাথে তাঁর স্ত্রীর কোনো পারিবারিক অশান্তি হলে এলাকার মানুষ তাঁর স্ত্রীকেই সাপোর্ট করে। ফলে পারিবারিক শান্তি যেমন নষ্ট হয়েছে, তেমনি ছেলের লেখাপড়ারও ক্ষতি হচ্ছে। এক ছুটিতে বাড়ি ফিরে তিনি বুঝতে পারেন, স্ত্রীর সাথে পিতা-মাতা ও সন্তানের থাকা সম্ভব নয়। কারণ কর্মসূত্রে তিনি বেশিরভাগ দিনই বাড়ি থেকে অনেক দূরে থাকেন। আর তাঁর অনুপস্থিতিতে তাঁর স্ত্রীকে নিয়ে স্থানীয় কিছু নেতা তাঁর পরিবারকে হুমকি-ধমকি দেন, এমনকি বাড়িতে ঢুকতে পর্যন্ত বাধা দেন।
মনের দুঃখে চঞ্চল বাড়ি থেকে অনেক দূরে রানাঘাটের একটি বাড়ি ভাড়া নিয়ে সেখানে পিতা-মাতা ও পুত্রকে নিয়ে থাকতে শুরু করেন।
🕯️ উপরের গল্প সহজ, কিন্তু ভেতরের ক্ষত লুকানো
উপর থেকে দেখলে এটাই চঞ্চলের জীবনকাহিনি। কিন্তু মানুষের জীবনে এমন কিছু ঘটনা থাকে যা কেবল নিজের ভেতরেই ঘটে। চঞ্চল এখন পিতা-মাতা ও সন্তানের সাথে ভালো আছেন। কিন্তু তাঁর মনের ভেতরে একটা গভীর ক্ষত রয়েছে। অনেক স্মৃতি তাঁকে সারাক্ষণ কুড়ে কুড়ে খায়।
চঞ্চল যখন ছুটিতে আসেন, তখন একটু বেশি দিনের ছুটি নিয়ে আসেন। চায়ের দোকানে আমাদের সাথে বেশি সময় কাটান। তাঁর সাথেও বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। চাকরিসূত্রে ভারতের বিভিন্ন প্রান্তে ঘুরার কারণে তাঁর মধ্যেও পর্যাপ্ত জ্ঞান আছে। কিন্তু আশ্চর্যের বিষয়, বেশিরভাগ সময়ই তাঁর আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন তাঁর স্ত্রী। এতেই বোঝা যায়, তাঁর স্ত্রীর সাথে যতই মামলা-মোকদ্দমা চলুক না কেন, তাঁর প্রতি ভালোবাসা যথেষ্ট আছে। মুখে তিনি স্বীকার করেন না, কিন্তু আমি একজন জ্যোতিষী হিসেবে মানুষের মন বুঝতে শিখেছি—আমি তা অনুভব করতে পারি। আর এই কারণেই তিনি ভীষণ মানসিক অশান্তিতে থাকেন।
❓ একদিন চঞ্চল প্রশ্ন করলেন
একদিন সে প্রশ্ন করল, “স্ত্রীর কথা আমি ভুলে থাকতে চাই, কিন্তু তবুও মনের মধ্যে এই চিন্তা চলে আসে কেন?”
আমি তাঁকে সান্ত্বনা দিতে চেষ্টা করি এবং নিজের উপলব্ধি অনুযায়ী বোঝাতে চেষ্টা করি।
“কামনাতে বাধা হলে ক্রোধ এসে যায়,
ক্রোধ হতে মোহ জন্মে, বুদ্ধি ভ্রান্তি পায়।
অন্তর দন্দ্ব তোমার বাড়ে যতনে,
সর্বনাশ করে শেষে নিয়ে যায় পতনে।”
🌊 গোপন আশা: অজান্তেই যেখানে ডুবে যাই আমরা
প্রতিটি মানুষের মধ্যেই কিছু না কিছু আশা থাকে, এটা আমরা সকলেই জানি। কিন্তু কিছু গোপন আশা থাকে, যা আমরা অনেকেই জানি না। এগুলি নিজের অজান্তেই মনের গভীরে সৃষ্টি হয়।
একটা উদাহরণ দিই। ধরুন, আমি নিঃস্বার্থভাবে সমাজের জন্য কিছু করলাম। আমি সমাজের থেকে কিছুই চাই না। কিন্তু দেখা যায়, কেউ আমার সমালোচনা করল, আমার নামে খারাপ বলল। তখনই আমার খারাপ লাগতে শুরু করল। কেন? কারণ আমার গোপন আশা ছিল—সমাজের মানুষ আমাকে ভালো বলবে।
ঠিক তেমনই, নিজের জন্য যখন কিছু করি, তবুও আনন্দ পাই না। এই আনন্দ পাওয়ার ইচ্ছাটাই ছিল আমার গোপন আশা। আর এই ধরনের আশাই মানুষের অজান্তেই মানুষকে বেশি কষ্ট দেয়। কিছু মানুষ তো সারা জীবনেও বুঝতে পারে না যে আসলে তার কষ্ট কেন হচ্ছে।
এইভাবেই তাঁর সাথে আমার দিনের পর দিন আলোচনা চলতে থাকে।
🧘 আবার একদিন: “বুঝলেও কষ্ট যায় না কেন?”
আবার একদিন সে আমাকে প্রশ্ন করে, “আপনার কথা আমি খুব ভালোভাবে উপলব্ধি করতে পেরেছি, কিন্তু তবুও নিজের মনের কষ্ট কমাতে পারছি না।”
আমি তাঁকে ভগবান গৌতম বুদ্ধের একটি গল্প শোনাই।
📖 পূর্ণ ও গৌতম বুদ্ধের গল্প
পূর্ণ ছিলেন ভগবান গৌতম বুদ্ধের অত্যন্ত প্রিয় শিষ্য। তিনি সদাই ভগবান বুদ্ধের আশেপাশে থাকতেন। ভগবানের প্রতি তাঁর ছিল অগাধ ভালোবাসা ও টান।
একদিন ভগবান গৌতম বুদ্ধ পূর্ণকে জানালেন, তিনি শীঘ্রই দেহ ত্যাগ করবেন। এই কথা শোনামাত্রই যেন পূর্ণের মাথায় আকাশ ভেঙে পড়ল। তাঁর শরীর দুর্বল হয়ে গেল, কথা পর্যন্ত স্পষ্টভাবে উচ্চারণ হচ্ছে না।
বিষাদগ্রস্ত পূর্ণ ভগবানের চরণে পড়ে বললেন, “হে প্রভু! আপনি চলে গেলে আমি কীভাবে থাকব? কার সেবা করব? কার কাছ থেকে শিখব?”
তখন ভগবান গৌতম বুদ্ধ পূর্ণকে বললেন, “তুমি কি পূর্ণ নও? তুমি কি নিজেই সম্পূর্ণ নও? তুমি কি ঈশ্বর উপলব্ধির মাধ্যমে সব কিছুই ত্যাগ করনি? তাহলে এখন কেন আমাকে আঁকড়ে রাখতে চাইছ?”
পূর্ণ ভগবান বুদ্ধের কথা উপলব্ধি করতে পারলেন। তিনি বুঝতে পারলেন, ত্যাগ মানে কিছু আঁকড়ে রাখা নয়। কিন্তু তবুও তিনি বললেন, “হে প্রভু, আমি আপনার কথা উপলব্ধি করতে পারছি। কিন্তু তবুও আমার মন থেকে কষ্ট দূর হচ্ছে না।”
তখন গৌতম বুদ্ধ পূর্ণকে বললেন, “এই কষ্ট দূর হওয়ার উপায় মাত্র দুটি—এক সময়ের মাধ্যমে, আর দুই জ্ঞানের মাধ্যমে।”
⏳ সময় আর জ্ঞান—এই দুটিই চাবিকাঠি
আমিও চঞ্চলকে বললাম, “আপনি আমার কথা গুলো উপলব্ধি করেন, ঠিকই। কিন্তু তবুও পূর্ণের মতো আপনার কষ্ট থেকে যাচ্ছে। সেটা সময়ের মাধ্যমে দূর হওয়া বাকি আছে।”
🤝 তিন বন্ধুর গল্প: বিশ্বদা, চঞ্চল ও আমি
চঞ্চল মানসিক দিক থেকে এখন আগের চেয়ে অনেকটাই ভালো আছেন। কারণ আমি, বিশ্বদা ও চঞ্চল নিয়মিত একসাথে গল্প-গুজব করি। চঞ্চলের মনে অশান্তি অনেকটাই কমেছে।
বিশ্বদাও চঞ্চলকে অনেক কিছুই বোঝান। বিশ্বদা এমন একজন মানুষ, যিনি জীবনের যেকোনো সমস্যায় অন্যের দোষ দেওয়ার চেয়ে নিজের দোষ খুঁজে বের করতে চেষ্টা করেন। বিশ্বদাও চঞ্চলকে সেইভাবেই বোঝান।
🪞 চঞ্চলের দোষ: আমরা সবাই যেখানে আটকে যাই
চঞ্চলের সাথে অনেক দিন ধরে কথা বলার মাধ্যমে তাঁর কিছু দোষও চোখে পড়েছে। অবশ্য এটা তাঁর ইচ্ছাকৃত দোষ নয়। স্বভাবতই তিনি চঞ্চল, আর তাঁর মধ্যে কিছু ইচ্ছে বিরাজ করে যা প্রকৃতির বিরুদ্ধে নয়, কিন্তু বাস্তবতার সঙ্গে সংঘাত সৃষ্টি করে। যেমন তিনি চান অন্যকে বদলাতে।
বেশিরভাগ মানুষই কল্পনার জগতে বাস করেন। বাস্তবতা একেবারেই ভিন্ন।
🌈 কল্পনা বনাম বাস্তবতা: সেখান থেকেই শুরু সংঘর্ষ
প্রতিটি মানুষ জীবনে কোনো কাজ শুরু করে তখন তাঁর কল্পনার জগতে শুধু সেই কাজের ভালো ফলই দেখতে পান। যেমন প্রেমিক-প্রেমিকা একে অপরকে নিয়ে কল্পনার জগতে রাজা-রানির মতো প্রাসাদ সাজিয়ে বসেন। কিন্তু বাস্তব দুনিয়ায় একে অপরের অনেক দোষ চোখে পড়ে। অথচ তাঁদের কল্পিত দুনিয়ায় কেউ কারও দোষ দেখতে পান না।
অথবা কেউ ব্যবসা বা কোনো কাজ শুরু করার আগে নানা রকম স্বপ্ন দেখেন। কিন্তু বাস্তবে কাজ করতে গিয়ে অনেক সমস্যার মুখে পড়তে হয়। যা তাঁর কল্পনার জগতে কোনো সমস্যাই ছিল না।
তখনই মানুষ তাঁর কল্পনার মানুষের সাথে বাস্তব মানুষের, বা কল্পনার কাজের সাথে বাস্তব কাজের বৈশিষ্ট্য মেলাতে পারেন না। তখন তিনি তা মেনে নিতে পারেন না, এবং জোর করেই বাস্তবতাকে তাঁর কল্পনার মতো বানানোর চেষ্টা করেন। সেখান থেকেই শুরু হয় সংঘর্ষ, কষ্ট, মানসিক অবসাদ।
বেশিরভাগ মানুষই বুঝতে চান না যে 'পরিস্থিতি' কথার অর্থ—পরের দ্বারা উৎপন্ন স্থিতি। যা শুধুমাত্র নিজের শক্তি ও ক্ষমতা দ্বারা পরিবর্তন করা সম্ভব নয়। সুতরাং নিজেকে বদলানোই বুদ্ধিমানের কাজ।
🔄 চঞ্চলের বর্তমান: এখনও কিছুটা বাকি
চঞ্চলও চেষ্টা করেছিলেন তাঁর স্ত্রীকে পরিবর্তন করতে। সেই আকাঙ্ক্ষা এখনও কিছুটা তাঁর মধ্যে আছে। কারণ প্রকৃতির প্রতিটি প্রাণীর মতো চঞ্চলেরও বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ আছে, এবং থাকবেই। এটাই স্বাভাবিক। এই আকাঙ্ক্ষা বড় বড় ঋষি-মুনিদেরও দুর্বল করে দিয়েছে। এটাই প্রকৃতির ইচ্ছা। কিন্তু এই ইচ্ছেকে স্বীকার করেও সংযত না রাখতে পারলে, মানুষের জীবন হয়ে ওঠে দুর্ভিষহ।
✨ উপসংহার: চায়ের দোকান থেকে পাওয়া শিক্ষা
চঞ্চলের গল্প শুধু তাঁর একার নয়। আমাদের সমাজে হাজারো চঞ্চল আছে। যাঁরা চাকরি, সংসার, সম্পর্ক সব ঠিক রেখেও ভেতরে ভেতরে ক্ষত-বিক্ষত। চায়ের দোকানের সেই সন্ধ্যাগুলোতে আমি জ্যোতিষী হিসেবে নয়, একজন বন্ধু হিসেবে বুঝতে শিখেছি—মানুষের সবচেয়ে বড় কষ্ট হয় নিজের অজান্তেই, নিজের তৈরি কল্পনার জালে।
বুদ্ধ বলেছিলেন, কষ্ট দূর হয় সময় আর জ্ঞানে। চঞ্চলের সময় এখনও ফুরোয়নি। কিন্তু জ্ঞান তো পেয়েছেন। বাকি সময়ের হাতে।
“আপনার হাত নিয়তির খাঁচা নয়—এটি সচেতন পছন্দের একটি ক্যানভাস। তারারা বাধ্য করে না; তারা পরামর্শ দেয়।”
• নিজের অন্ধকার মুখের দিকে তাকানোর সাহস
• তৃপ্তি যখন গন্তব্য নয়
• পরিশ্রম করেও কেন সফলতা আসে না
✍️ লেখক পরিচিতি
Dr. Prodyut Acharya
PhD in Vedic Jyotish, স্বর্ণপদকপ্রাপ্ত জ্যোতিষী ও হস্তরেখাবিদ। ১৫+ বছরের অভিজ্ঞতায় ১০,০০০+ মানুষকে ক্যারিয়ার, বিবাহ ও জীবনের পথনির্দেশ দিয়েছেন। রানাঘাট, নদিয়া, পশ্চিমবঙ্গ। myastrology.in